বাংলাভিশনে আজ রাতে দেখানো হবে ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ঘুরে দাঁড়াও বাংলাদেশ। উপস্থাপনা করবেন চৈতী। ওয়ালটনের সৌজন্যে আয়োজিত এই অনুষ্ঠানে আজ গান করবেন কৃষ্ণকলি। কথা হলো তাঁর সঙ্গে।
আজ কোন গানগুলো করার ইচ্ছা আছে?
সবই আমার নিজের গান। এবার নতুন অ্যালবামের ওপর একটু বেশি জোর দেব। ও, ভালো কথা, শুক্রবার আমার নতুন অ্যালবাম আসছে, আলোর পিঠে আঁধার। এটি আমার দ্বিতীয় অ্যালবাম। প্রথম অ্যালবাম সূর্যে বাঁধি বাসা এসেছিল কয়েক বছর আগে। সেখান থেকে কয়েকটি গান করার ইচ্ছা আছে।
আর ‘মনপুরা’ ছবিতে আপনার গাওয়া গানটি?
দেখুন, একই গান বারবার গাইতে ভালো লাগে না। আমার তো আরও গান আছে। আসলে, আমি একটা ভাবনা ও পরিকল্পনা নিয়ে অনুষ্ঠানে যাব। তবে দর্শকদের পছন্দও রাখতে হবে। আজ আমার নিজের দুটি অ্যালবামের গান ছাড়াও সাঁওতালি গান ও রবীন্দ্রসংগীত করার ইচ্ছা আছে। কাল বৃহস্পতিবার রাতে আরটিভিতে আরেকটি সরাসরি অনুষ্ঠানে গান করব। সেখানেও আমার নতুন অ্যালবাম থেকেই বেশি গান করব। এই দুটি অনুষ্ঠানই আমার নতুন অ্যালবামের প্রচারণার ব্যাপারে বড় ভূমিকা রাখবে। আশা করছি, এরপর শ্রোতারা আলোর পিঠে আঁধার অ্যালবামটি সংগ্রহের ব্যাপারে আগ্রহী হবেন।
অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত করার ব্যাপারে আগ্রহী হলেন কেন?
আমি কিন্তু রবীন্দ্রসংগীতেরই ছাত্রী ছিলাম। ছায়ানটে অনেক দিন গান শিখেছি, যদিও নানা কারণে কোর্স শেষ করা হয়নি। ওয়াহিদুল হক ছিলেন আমার গুরু। তাঁর কাছে অনেক গান শিখেছি। তিনি আমাকে রবীন্দ্রনাথের গান পড়তে শিখিয়েছিলেন। গানগুলো ঠিকভাবে পড়তে পারলে রবীন্দ্রনাথকে নতুন করে উপলব্ধি করা যায়।
নতুন অ্যালবাম আসা উপলক্ষে কোনো প্রকাশনা অনুষ্ঠান করার পরিকল্পনা আছে?
শুক্রবারই হবে। অ্যালবামটির পৃষ্ঠপোষক ব্র্যাক ব্যাংক, আর এটি বাজারে আনছে জি সিরিজ। ওই দিন একটি পাঁচ তারকা হোটেলে প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এবার আপনার নতুন অ্যালবামটি নিয়ে কিছু বলুন।
অ্যালবামের নাম আলোর পিঠে আঁধার। অ্যালবামের গানগুলোতে এই ভাবনাটা কাজ করেছে। গানগুলোর সংগীতায়োজন করেছেন অর্ক ও ইমন। অ্যাকুস্টিক বাদ্যযন্ত্র ব্যবহারের দিকে বেশি জোর দিয়েছি। প্রকৃতি, প্রেম, রাগ, ক্ষোভ—এই ব্যাপারগুলো গানের ওপর প্রভাব ফেলেছে। রেগে ও কীর্তন অঙ্গের গানও করেছি। আর কিছু বলব না, বাকিটা শ্রোতারাই শুনুক।
সূত্র: দৈনিক প্রথম আলো, ফেব্রুয়ারী ০৯, ২০১০
Tags: অ্যালবাম, কনসার্ট, কৃষ্ণকলি, ছায়ানট, রবীন্দ্রসংগীত
সাম্প্রতিক মন্তব্য