নয় বছর পর নতুন অ্যালবামের কাজ করছে ফিডব্যাক। অ্যালবামের কাজও প্রায় শেষ হয়ে এসেছে। তবে নাম এখনো চূড়ান্ত হয়নি। বরাবরের মতো এবারও সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছে ফিডব্যাক। গান লিখেছেন সাইফ, গুঞ্জন চৌধুরী, লুমিন, আফতাব মাহমুদ ও পিয়ারু।
বেশির ভাগই পপ ও রোমান্টিক ধাঁচের গান। এ ছাড়া সফট রক ধাঁচের দুটি গানও করেছেন ফিডব্যাকের সদস্যরা। অ্যালবামে আরও থাকছে উৎসবের নতুন একটি গান।
ফিডব্যাকে এখন প্রধান কণ্ঠশিল্পী লুমিন। অ্যালবামের শ্রোতারা এবার তাঁর গান শুনতে পাবেন। ২০০৪ সাল থেকে তিনি আছেন ফিডব্যাকের সঙ্গে। থাকছে ব্যান্ডের আগের প্রধান কণ্ঠশিল্পী রোমেনের গানও। রোমেন এখন আছেন দেশের বাইরে। বেস গিটারে আছে নতুন মুখ মুন্সী জন শার্টন। তিনিও কাজ করেছেন এই অ্যালবামে।
ফিডব্যাকের দলনেতা ফোয়াদ নাসের বাবু বললেন, ‘আমাদের গত অ্যালবামটি এসেছিল ২০০২ সালে। তারপর কিছুটা অলসতা এবং ব্যান্ডের সবার ব্যক্তিগত কাজের চাপে অ্যালবামের কোনো পরিকল্পনা করা হয়নি। নতুনটির কাজ আরও বছর দুয়েক আগেই শেষ হতো, কিন্তু ওই ব্যস্ততা আর নানা সমস্যার কারণে দেরি হয়ে গেছে। এবার আশা করছি, খুব তাড়াতাড়ি অ্যালবামটি শ্রোতাদের হাতে দিতে পারব।’
Source: Prothom Alo,
তারিখ: ২৯-০১-২০১১
সাম্প্রতিক মন্তব্য